বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। শুক্রবার (১২ জুন) পূর্বাহ্নে তারা নিজ নিজ দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ কার্যকর করা হয়।
অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। তিনি বি.কম (সম্মান) ও এম.কম (মার্কেটিং) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে তিনি শিক্ষা অঙ্গনে বিশেষ অবদান রেখেছেন।
তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি একাধিক গবেষণা গ্রন্থ ও অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
অপরদিকে, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি থাইল্যান্ড ও ভারতের স্বনামধন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরীক্ষা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা, গবেষণা ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই দুই শিক্ষাবিদের নেতৃত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণা কার্যক্রম এবং দূরশিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।